শিরোনাম

10/recent/ticker-posts

ঈশ্বরদীর মুলাডুলি স্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল

  

 টিএ পান্না ।। ঈশ্বরদীতে মুলডুুলি হাই স্কুলে ইঁদুর মারার স্প্রে’র বিষক্রিয়ায় অন্তত: ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।  বুধবার সকালে স্কুল চলাকালীন এই ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। হাসপাতালে শিক্ষার্থীদের ছোটাছুটি, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স আগমন, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ভিড় করতে দেখা যায় । সকাল থেকেই প্রতিদিনের মতো ক্লাস চলছিল ঈশ্বরদীর মুলাডুলি হাই স্কুলে। তবে হঠাৎ করেই ইঁদুর মারার স্প্রে’র বিষাক্ত গন্ধে শ্বাসকষ্ট  শুরু হয় একের পর এক শিক্ষার্থীর। অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর  শিক্ষার্থীরা । মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুল চত্বরে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঈশ্বরদী, গ্রীন সিটি,ইপিজেড ও রূপপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য হাসপাতাল ও স্কুল এলাকায় অবস্থান নেন। 
ভিড় সামলাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল এবং উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব। তারা অসুস্থ শিক্ষার্থীদের শয্যাপাশে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল, জানান "আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা নিশ্চিত করছি। ঈশ্বরদী হাসপাতালে যদি সংকুলান না হয়, তবে প্রয়োজনে রোগীদের পাবনা ও রাজশাহীতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষক্রিয়ার পাশাপাশি গণ-আতঙ্কের কারণে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত। ঈশ্বরদী হাসপাতালের মেডিকেল অফিসার, ডা. তানভীর রহমান জানান প্রায় ৬০ জন শিক্ষার্থী বিষক্রিয়া ও আতঙ্ক নিয়ে ভর্তি হয়েছিল। 
তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের অবস্থা এখন আশঙ্কামুক্ত। আমরা ইতোমধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া শুরু করেছি। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও সভাপতি তৌহিদ আক্তার পান্না তাৎক্ষণিকভাবে সরেজমিনে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।হঠাৎ এমন ঘটনায় পুরো উপজেলা জুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কেন এবং কার অবহেলায় শ্রেণিকক্ষে এমন বিষাক্ত স্প্রে ব্যবহার করা হলো, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিভাবক মহল। #

 

Post a Comment

0 Comments

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ